
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিয়েছেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিকেল ৪টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান ছিল।
শরিফ ওসমান বিন হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। গত বছরের আগস্টে তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন এবং দীর্ঘদিন ধরে গণসংযোগ কার্যক্রমে সক্রিয় ছিলেন।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে তাঁকে দাফন করা হয়।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘটনার পর থেকেই ধারাবাহিক কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এরই অংশ হিসেবে শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করা হয়।
অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। অবরোধ চলমান থাকবে এবং ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদির যে সংগ্রাম ছিল, তা চলমান রয়েছে। হাদিকে সামনে রেখেই এই লড়াই এগিয়ে নেওয়া হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন থামবে না বলেও তিনি উল্লেখ করেন।





