
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির অধিকার আদায়, মানবিক ও দাতব্য কার্যক্রম এবং দেশ–বিদেশে আর্থ–সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল সরকারি ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ অর্জন করেছেন।
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৭ ডিসেম্বর) সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রথম প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পান্ডুলিপি প্রকাশনার প্রকাশক, কবি ও সাহিত্যিক বায়জিদ মাহমুদ ফয়সল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সিলেট জেলার প্রবাসী নাগরিকরা উপস্থিত ছিলেন। এর আগে সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে এ সম্মাননা প্রাপ্তির বিষয়টি অবহিত করেন।
দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় ক্বীন ব্রিজ থেকে বর্ণাঢ্য র্যালি, সকাল ১১টায় সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসে “স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের কৃতি সন্তান। মরহুম আব্দুর রহিম ও মরহুমা রেজিয়া খানমের পুত্র ক্যারলের জন্ম ১৯৬৬ সালে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
১৯৮৫ সালের জানুয়ারি মাসে তিনি মা–বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। প্রবাস জীবনের দীর্ঘ সময়ে তিনি সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এবং লন্ডন বাংলা মিডিয়ার পরিচিত মুখ হিসেবে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
সাংবাদিকতা অঙ্গনে তিনি ব্রিটেন থেকে প্রকাশিত সাপ্তাহিক ইউরো বাংলা-র সম্পাদক এবং অনলাইন ইউটিউবভিত্তিক বাংলা চ্যানেল এলবি ২৪-এর ম্যানেজিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জমজম চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী পরিচালক, ইস্টহ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উপদেষ্টা, লন্ডন এডুকেশন ট্রাস্ট ও লন্ডন ইকরা ইনস্টিটিউটের ট্রাস্টি ও চেয়ারম্যান। এছাড়া তিনি ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার ট্রাস্টের সদস্য।
ক্যারল গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা, হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ক্রীড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যবসা ও উন্নয়ন খাতেও তিনি সক্রিয়। তিনি বিজিলিঙ্ক অ্যাসোসিয়েট গ্রুপের চেয়ারম্যান এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল ও আলহামরা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন।
এছাড়া তিনি তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে-এর প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ইউকে কমিটির জয়েন্ট সেক্রেটারি। পাশাপাশি তিনি সিলেট কিডনি ফাউন্ডেশন, সিলেট মোবাইল পাঠাগার ও সিলেট মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য।
পূর্বে তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মর্যাদাপূর্ণ সিভিক অ্যাওয়ার্ড এবং ‘দ্য সানরাইজ টুডে’ অনলাইন পোর্টালের তৃতীয় সাংবাদিকতা সম্মাননা অর্জন করেন।
দীর্ঘদিন ধরে দেশ ও প্রবাসে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অবদান রাখায় সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে সরকারি “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




