বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শীতে ভিটামিন সি কি সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক



ছবি: সংগৃহীত

ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড মানবদেহের জন্য অত্যাবশ্যক একটি পুষ্টি উপাদান। শরীর নিজে থেকে এই ভিটামিন উৎপাদন করতে পারে না; তাই প্রতিদিনের খাদ্য থেকেই তা গ্রহণ করতে হয়।

ভিটামিন সি নিয়ে সমাজে নানা ভুল ধারণা প্রচলিত রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ বাড়লে অনেকেই রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর আশায় ভিটামিন সি সাপ্লিমেন্ট কিংবা ভিটামিন সি–সমৃদ্ধ খাবার অতিরিক্ত পরিমাণে খেতে শুরু করেন। তবে গবেষণা বলছে, এসব ধারণার সবই সঠিক নয়।

ভিটামিন সি মূলত শরীরের কোলাজেন তৈরিতে সহায়তা করে, যা ত্বক, রক্তনালি, হাড় ও সংযোজক কলার জন্য প্রয়োজনীয়। পাশাপাশি এটি আয়রন শোষণে সাহায্য করে, ক্ষত দ্রুত সারাতে ভূমিকা রাখে এবং অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকর রাখতেও ভিটামিন সি গুরুত্বপূর্ণ।

একটি প্রচলিত বিশ্বাস হলো—ভিটামিন সি খেলে সর্দি-কাশি হয় না। তবে হার্ভার্ড মেডিকেল স্কুলসহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি সর্দি প্রতিরোধ করতে পারে না। নিয়মিত গ্রহণ করলে সর্দির স্থায়িত্ব কিছুটা কমতে পারে বা উপসর্গ তুলনামূলক হালকা হতে পারে—এর বেশি নয়। অর্থাৎ শীতকালে ভিটামিন সি খেলেই সর্দি-জ্বর হবে না—এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

আরেকটি ভুল ধারণা হলো—যত বেশি ভিটামিন সি গ্রহণ করা হবে, তত বেশি উপকার পাওয়া যাবে। বাস্তবে প্রতিদিন ২ হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন সি গ্রহণ করলে ডায়রিয়া, পেটব্যথা, বমিভাব এবং কিডনিতে পাথরের ঝুঁকি বাড়তে পারে। তাই প্রয়োজনের চেয়ে বেশি সাপ্লিমেন্ট গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

অনেকে আবার মনে করেন, ভিটামিন সি ক্যানসার বা হৃদ্‌রোগ প্রতিরোধে কার্যকর। যদিও ফল ও শাকসবজি–সমৃদ্ধ খাদ্যাভ্যাস এসব রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে, তবে শুধুমাত্র ভিটামিন সি সাপ্লিমেন্ট গ্রহণ করে এসব রোগ প্রতিরোধ করা যায়—এমন নির্ভরযোগ্য প্রমাণ এখনো নেই।

দৈনিক কতটুকু ভিটামিন সি প্রয়োজন

প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য দৈনিক ভিটামিন সি–এর চাহিদা প্রায় ৯০ মিলিগ্রাম এবং নারীদের জন্য ৭৫ মিলিগ্রাম। ধূমপায়ীদের ক্ষেত্রে এই চাহিদা কিছুটা বেশি হতে পারে। কমলা, লেবু, পেয়ারা, কাঁচা মরিচ, টমেটো, ব্রকলি ও পালংশাকের মতো সহজলভ্য খাবারেই পর্যাপ্ত ভিটামিন সি পাওয়া যায়।

সব মিলিয়ে বলা যায়, সুস্থ থাকার জন্য ভিটামিন সি গুরুত্বপূর্ণ হলেও এর জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। সুষম ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসই ভিটামিন সি গ্রহণের সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!