দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিনই আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি।
তারেক রহমানের আগমন ঘিরে সিলেটসহ পুরো বিভাগজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সিলেটি জামাইকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
বিএনপি সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি সকালে সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। একই দিনে হবিগঞ্জেও একটি জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে সফল করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছে আয়োজকরা। বিএনপি নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে সিলেট মহানগর, জেলা ও বিভাগের বিভিন্ন ইউনিট ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মাঠ সাজানো, মঞ্চ নির্মাণ, পোস্টার-ব্যানার ও প্রচারণামূলক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। আয়োজকদের প্রত্যাশা, সিলেট বিভাগের চার জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটবে।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক ইতিহাস ও আন্দোলনের দিক থেকে সিলেট একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নতুন রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে চায় দলটি। বিশেষ করে তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট হওয়ায় এই সফরের রয়েছে বাড়তি আবেগ ও রাজনৈতিক তাৎপর্য।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ বলেন, দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচনী প্রচার শুরু হচ্ছে, যা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই জনসভা থেকে সারা দেশে শক্তিশালী বার্তা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, চেয়ারম্যানকে বরণ করতে সিলেটবাসীর মধ্যে আলাদা আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতেন, তারেক রহমানও একই ধারাবাহিকতায় এখান থেকেই প্রচার শুরু করবেন। ২২ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় ওই দিনই তার সফরের কথা জানা গেছে, যদিও চূড়ান্ত সূচি এখনো নির্ধারিত হয়নি।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, প্রায় ২২ বছর পর তারেক রহমান সিলেটে আসছেন এবং এখান থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। শ্বশুরবাড়ির এলাকায় এই সফর দলীয় ও আবেগী—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।





