
ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের পর অবশেষে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সম্প্রতি এম নাজমুল ইসলামের ধারাবাহিক কিছু মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে ক্রিকেটারদের আয়, ভূমিকা ও অবদান নিয়ে তার বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এসব মন্তব্য দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে।
এই প্রেক্ষাপটে ক্রিকেটারদের সংগঠন কোয়াব, জাতীয় দলের একাধিক ক্রিকেটার ও অধিনায়করা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন এবং তার পদত্যাগের দাবিও জোরালোভাবে ওঠে।
শেষ পর্যন্ত ক্রিকেটারদের ক্ষোভ ও চাপের মুখে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


