আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ময়মনসিংহ নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি পুলিশের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার এবং নিরাপত্তা জোরদারে বিশেষ সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে। তিনি বলেন, কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, সে যেই হোক—ভাই কিংবা বোন—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ সবকিছুই নজরদারির আওতায় থাকবে।
অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, থানা থেকে চুরি হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি। তবে আগের তুলনায় উদ্ধার কার্যক্রম জোরদার হয়েছে এবং উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা বেড়েছে।
হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন হয়ে পড়ে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তবুও সবার সহযোগিতায় আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিভাগ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।




