সিলেট-৩ আসনে আগামীকালের নির্বাচনে মূল লড়াই হবে ধানের শীষ এবং রিকশা মার্কার মধ্যে। নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে লড়ছেন মোহাম্মদ আব্দুল মালিক এবং ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু লড়ছেন রিকশা মার্কা নিয়ে।
অবশ্য আগামীকালের নির্বাচনে আরও ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক, সমাজকর্মী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর। নির্বাচনের শেষ সময়ে সকল প্রার্থী, তাদের কর্মী-সমর্থক সকলেই নিজ নিজ বিজয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী। সিলেট-৩ আসনে শেষ হাসি কার? এটাই নির্ধারণ হবে আগামীকাল নির্বাচন শেষে। শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন সর্বস্তরের ভোটার এবং নাগরিক সমাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট সিটির ৬টি ওয়ার্ড, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৩ আসন গঠিত। সিলেট-৩ আসনে মোট ভোটার ৪লাখ ৯হাজার ৮শ ৪২জন। এর মধ্যে নারী ভোটার ২লাখ ৩হাজার ১শ ৯১জন, পুরুষ ভোটার ২লাখ ৬হাজার, ৬শ ৪৯জন এবং এবং হিজড়া ভোটার ২জন। মোট ভোটকেন্দ্র ১শ ৫১টি। আসনের সিলেট সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০ এবং ৪০, ৪১ ও ৪২ এই ৬টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৮হাজার, ৯শ ৯২জন। নারী ভোটার ১৯হাজার ৫শ ১১জন, পুরুষ ভোটার ১৯হাজার ৪শ ৮১জন।
দক্ষিণ সুরমা উপজেলায় মোট ভোটার ১লাখ ৭৮হাজার ৩শ ৬৮জন। নারী ভোটার ৮৭হাজার ৯শ ৪৯জন, পুরুষ ভোটার ৯০হাজার ৪শ ১৮জন এবং হিজড়া ভোটার ১জন।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ৯১হাজার ৯শ ৫৯জন। নারী ভোটার ৪৫হাজার ৮শ ৩৬জন, পুরুষ ৪৬হাজার ১শ ২২জন এবং হিজড়া ১জন।
বালাগঞ্জ উপজেলায় মোট ভোটার ১লাখ ৫শ ২৩জন। নারী ভোটার ৪৯হাজার ৮শ ৯৫জন এবং পুরুষ ভোটার ৫০হাজার ৬শ ২৮।
সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ডের পাশাপাশি দক্ষিণ সুরমায় ৮টি, ফেঞ্চুগঞ্জে ৫টি এবং বালাগঞ্জে ৬টিসহ মোট ১৯টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১শ ৫১টি, ভোটকক্ষ ৮শ ৫২টি। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা সংশ্লিষ্ট সকল বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


