
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ, যা মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। একইসঙ্গে আজ রমজান মাসেরও শেষ দিন। এই দিনের মধ্য দিয়েই এক বছরের জন্য বিদায় জানানো হয় সিয়াম সাধনার মাসকে। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ হিসেবে বিবেচিত।
প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় শেষে মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও নাজাত কামনা করবেন। ইসলামে শুক্রবারের গুরুত্ব অন্য দিনের তুলনায় বেশি হলেও রমজানের শুক্রবারগুলো বিশেষ মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হয়।
রমজান বিদায়ের এই শেষ জুমাবার উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে খুতবায় মাহে রমজানের তাৎপর্য ও ইবাদতের গুরুত্ব তুলে ধরা হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া ও মোনাজাত। জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করা হবে।



