
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য সরকার আবারও বিভিন্ন ধরনের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির হোম অফিস জানিয়েছে, নতুন এই ফি কাঠামো আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। পাশাপাশি নাগরিকত্বের জন্য আবেদন ফিও বাড়ানো হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বল্পমেয়াদি ভিজিট ভিসার (৬ মাস পর্যন্ত) ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। ২ বছর মেয়াদি ভিজিট ভিসার ফি ৩১ পাউন্ড বেড়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসার ফি ৬৯ পাউন্ড বৃদ্ধি করে ১,১২৮ পাউন্ড করা হচ্ছে।
স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও খরচ বাড়ছে। আবেদনকারী এবং তার নির্ভরশীলদের জন্য এই ভিসার ফি ৩৪ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫৫৮ পাউন্ড হবে।
এছাড়া, একাডেমিক ভিজিট ভিসা (৬ থেকে ১২ মাসের জন্য) ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। একই হারে বেসরকারি চিকিৎসা সংক্রান্ত ভিসার ফিও বাড়ানো হয়েছে। ট্রানজিট ভিসার ক্ষেত্রেও সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে—বিমানবন্দরে ২.৫ পাউন্ড এবং স্থল সীমান্তে ৪.৫ পাউন্ড পর্যন্ত।
ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি ৪ পাউন্ড বাড়ানো হয়েছে। এছাড়া নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে আশ্রয় নিতে আগ্রহীদের জন্য নির্ধারিত ভিসা ফি ১৯৭ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বিদেশ থেকে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ ভিসার ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। ৩ বছর পর্যন্ত কাজের জন্য ৫০ পাউন্ড এবং ৩ বছরের বেশি মেয়াদে ৯৯ পাউন্ড পর্যন্ত বাড়ছে। হেলথ কেয়ার কর্মীদের জন্য এই বৃদ্ধি তুলনামূলক কম—৩ বছর পর্যন্ত ২০ পাউন্ড এবং তার বেশি মেয়াদে ৩৮ পাউন্ড।
অন্যদিকে, সিজনাল কর্মীদের আবেদন ফি ২১ পাউন্ড বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যের অভ্যন্তরে স্পন্সরশিপভিত্তিক দক্ষ কর্মীদের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত ৫৮ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ১১৪ পাউন্ড পর্যন্ত ফি বাড়ানো হয়েছে।
এছাড়া ভিজিটর ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন ফিও ৭২ পাউন্ড পর্যন্ত বাড়ানো হয়েছে।
সার্বিকভাবে, নতুন এই ফি বৃদ্ধি আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যয় আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


