
ছবি: সংগৃহীত
রাশিয়া ও উত্তর কোরিয়া আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দেশ দুটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার জননিরাপত্তামন্ত্রী পাং টু-সপ এবং রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকলৎসেভ-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিজ্ঞতা বিনিময়, অর্জন তুলে ধরা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবেই বৈঠকটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সোমবার আনুষ্ঠানিক সফরে পিয়ংইয়ং পৌঁছান রুশ স্বরাষ্ট্রমন্ত্রী কোলোকলৎসেভ।
গত এক দশকে রাশিয়া ও উত্তর কোরিয়া-র সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। ২০২৪ সালে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে দুই দেশ “সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব” গড়ে তোলে। ওই চুক্তি অনুযায়ী, কোনো তৃতীয় পক্ষের হামলার মুখে পড়লে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে।
এদিকে, ২০২৫ সালের আগস্টে ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে মাইন অপসারণ কাজে সহায়তার জন্য প্রায় এক হাজার সামরিক প্রকৌশলী পাঠায় উত্তর কোরিয়া। এর আগে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে আনুমানিক ১৫ হাজার সেনা মোতায়েনের কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া-র গোয়েন্দা সংস্থা। তাদের তথ্যমতে, ওই সংঘাতে উত্তর কোরিয়ার প্রায় দুই হাজার সেনা নিহত হয়েছে।



