
ছবি: সংগৃহীত
দেশের গ্রামাঞ্চলে চলমান লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হলেও আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে তিনি এ কথা জানান। তিনি বলেন, খুব শিগগিরই বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে, ফলে লোডশেডিং কমে আসবে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব বাড়িয়ে বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা আনার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে আমদানি ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে বর্তমানে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে, যা দ্রুত পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, আগামী জাতীয় বাজেটে ব্যাটারির উৎপাদন ও আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও গতিশীল করবে।




