
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর পূর্বে বুরকা গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। একই সঙ্গে টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন আরও বহু মানুষ।
শুক্রবার (১ মে) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, আহত ব্যক্তি ধাতব গুলিতে আহত হন। তবে গুলিটি ঠিক কোন অস্ত্র থেকে ছোড়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। অভিযানের সময় ইসরায়েলি সেনারা গ্রামটিতে প্রবেশ করে একটি মসজিদ লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অন্যদিকে, লেবাননের অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) পর্যন্ত অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো।
স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তৃত এলাকাকে ‘শত্রুমুক্ত’ করার লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতেও বর্তমান অবস্থান থেকে সরে না যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
রাফি মিলো বলেন, এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখনো অনেক কাজ বাকি রয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ—হিজবুল্লাহকে নির্মূল করতে যতদিন প্রয়োজন, ততদিন অভিযান চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী।
তিনি আরও দাবি করেন, ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর পূর্ণ সামরিক স্বাধীনতা রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারা অভিযান, বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রাখছে।


