
ছবি: সংগৃহীত
সুদানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আল-টিনায় ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও কর্মকর্তারা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার শহরের একটি বাজার এলাকায় কয়েকজন নারী ব্যবসায়ী খাবার ও চা বিক্রি করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
এক সরকারি কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো হতাহতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে অন্তত ১৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা চালিয়ে ১৪টি মরদেহ উদ্ধার করেন। তাদের ভাষ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই নারী। নিরাপত্তার স্বার্থে অনেকেই পরিচয় প্রকাশ করতে চাননি।
এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হচ্ছে। যদিও স্বাধীনভাবে এ অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশেষ করে দারফুর অঞ্চলে খাদ্য সংকট ও মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।





