
ছবি :সংগৃহীত
বাংলাদেশিদের উদ্দেশে ভিসা-সংক্রান্ত প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। রোববার (২৮ জুন) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে বিভিন্ন ধরনের ভুয়া দাবি ও প্রতারণার ঘটনা বাড়ছে। বিশেষ করে নিশ্চিত ভিসা কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে অসাধু চক্র অনেক মানুষকে বিভ্রান্ত করছে।
এ ধরনের প্রতারণার বিষয়ে কেউ সন্দেহ করলে তা গোপনীয়ভাবে জানানোর আহ্বান জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। এ জন্য BangladeshVisaFraud@fcdo.gov.uk ইমেইল ঠিকানায় অভিযোগ পাঠানো যাবে।
এ ছাড়া, যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য শুধুমাত্র যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট www.gov.uk থেকে সংগ্রহ করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।




