
ছবি :সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা ‘পিক্যাক্স মাউন্টেন’ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। সোমবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের রেডিও অনুষ্ঠান দ্য হিউ হিউইট শো-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এই স্থাপনাটিও হামলার লক্ষ্য হতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র পিক্যাক্স মাউন্টেনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “আমরা পিক্যাক্স মাউন্টেন নিশ্চিহ্ন করে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।”
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, ইরানের পারমাণবিক তৎপরতার যেকোনো প্রচেষ্টা যুক্তরাষ্ট্র কঠোরভাবে মোকাবিলা করবে। তিনি আরও বলেন, ইরানকে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজন হলে সামরিক চাপ অব্যাহত রাখা হবে।
পিক্যাক্স মাউন্টেন ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত একটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা। পাহাড়ের ভেতরে নির্মিত সুড়ঙ্গ কমপ্লেক্সটি অত্যন্ত সুরক্ষিত বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। তাদের মতে, এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে প্রচলিত শক্তিশালী বাংকার-বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা অত্যন্ত কঠিন।
এদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টাপাল্টি ঘটনার পর পারস্য উপসাগরে নতুন করে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প জানান, ইরানি জাহাজ চলাচলের ওপর পুনরায় অবরোধ কার্যকর করা হবে। পাশাপাশি, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।


