বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, আগস্টে তপশিল ঘোষণার প্রস্তুতি



ছবি :সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ আগামী অক্টোবর মাসে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী আগস্টের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (২২ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। আগামী আগস্টের মধ্যে তপশিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর প্রত্যাশা, অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচন কতটি ধাপে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, কম সময়ের মধ্যে বেশি সংখ্যক নির্বাচন সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

নির্বাচন পেছানোর বা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ, পৌরসভা নাকি উপজেলা নির্বাচন হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় পর্যালোচনা করেই কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগে হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার জন্য কোনো একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শুরু হলে সেটির নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা থাকতে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হলে ইউনিয়ন পরিষদের নির্বাচনই শেষ করা হবে। একইভাবে পৌরসভা বা সিটি করপোরেশনের নির্বাচন শুরু হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে। তবে আদালতের কোনো রায় বা নির্দেশনার কারণে আইনি বাধ্যবাধকতা তৈরি হলে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, এ নিয়ে এখন পর্যন্ত কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি।

প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকবে কি না—এ প্রশ্নেরও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। ওই নির্বাচনের সফল আয়োজনের ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনেও সেগুলোর কিছু অনুসরণ করার চিন্তাভাবনা করছে কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা কমাতে কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি থাকবে বলেও জানান তিনি। তাঁর মতে, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন থেকে যে রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে, তা অব্যাহত থাকবে। এই ধারা ধরে রাখতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আচরণবিধি নিয়ে ইতোমধ্যে অনেক কাজ হয়েছে। অল্প সময়ের মধ্যেই এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!