
ছবি :সংগৃহীত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী জোটের প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই ১১ দলীয় ঐক্যজোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছে।
মনোনয়নের বিষয়ে কর্নেল অলি আহমদ বলেন, তার ‘ক্লিন ইমেজ’-এর কারণেই জোটের নেতারা তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র ও জাতির সঙ্গে কখনো বেঈমানি করবেন না। একই সঙ্গে তাকে মনোনয়ন দেওয়ায় ১১ দলীয় ঐক্যজোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকেও ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।



