শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

তাইওয়ান প্রণালিতে চীনের জাহাজ চলাচলের নির্দেশ, প্রতিবাদ তাইপের



ছবি :সংগৃহীত

টাইফুন ডলফিনের প্রভাবে তাইওয়ান প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে চীনের দেওয়া নির্দেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে তাইওয়ান। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (এমএসি) বলেছে, তাইওয়ানের জলসীমায় জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার কোনো এখতিয়ার চীনের নেই।

শনিবার এক বিবৃতিতে এমএসি জানায়, চীনের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের (ইউএনক্লস) নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

টাইফুন ডলফিনের প্রভাবে তাইওয়ান প্রণালিতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে—এমন পরিস্থিতিতে চীনের গুয়াংডং মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন দক্ষিণ দিক থেকে প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর জন্য কিছু নির্দেশনা জারি করে। তবে তাইওয়ান সেই নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছে।

তাইওয়ানের কোস্ট গার্ডও বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজগুলোকে চীনের প্রচারিত নির্দেশনা অনুসরণ না করার পরামর্শ দিয়েছে। কোনো জাহাজ চীনের পক্ষ থেকে বাধা বা হস্তক্ষেপের শিকার হলে দ্রুত কোস্ট গার্ডকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত জাহাজ চলাচলে কোনো অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তাইওয়ান।

এদিকে টাইফুন ডলফিন ইতোমধ্যে জাপানের ওকিনাওয়া অঞ্চলে আঘাত হেনেছে। এরপর ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে চীনের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে এটি চীনের উপকূলে আঘাত হানতে পারে।

টাইফুনের প্রভাবে চীনের ঝেজিয়াং প্রদেশে সর্বোচ্চ মাত্রার উপকূলীয় সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ১৬২টি যাত্রীবাহী ফেরির চলাচল স্থগিত করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রদেশটির কয়েকটি এলাকায় ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

জাপানের ওকিনাওয়াতেও টাইফুনের প্রভাব পড়েছে। সেখানে পাঁচজন আহত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার ভবনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাইওয়ানে ৬৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!