
ছবি :সংগৃহীত
আগামী সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ছয় মাসের মধ্যে এই কর্মী পাঠানোর কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, মালয়েশিয়ার হাইকমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হতে পারে। পর্যায়ক্রমে ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।
দুই লাখ কর্মী নিয়োগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে মোট দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়া হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মীর শাহে আলম জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী অবস্থান করছেন। দেশটিতে থাকা অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের কার্যক্রমও চলমান রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



