
ছবি :সংগৃহীত
সরকারি চাকরিজীবীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য নতুন ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নবম জাতীয় বেতন কাঠামোয় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’। এ খাতে প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। বেতন কাঠামোটি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী গ্রেড-১-এর কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
নবম পে স্কেলের অন্যতম নতুন সংযোজন হলো ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’। সরকারি চাকরিজীবীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে এ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে।
এ ছাড়া গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের কাজ চলছিল। কাজ শেষ হওয়ার পর প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।



