প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফর হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এতে বাংলাদেশের অংশগ্রহণকে অস্বাভাবিকভাবে দেখার কিছু নেই। দেশের জাতীয় স্বার্থ যেখানে সম্পৃক্ত, প্রয়োজন অনুযায়ী সেখানেই বাংলাদেশ যুক্ত হবে।
এ সময় যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে।





