
ছবি :সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই এখন সাপ্তাহিক সর্বোচ্চ বৃদ্ধির পথে রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৬৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন করে তীব্রতা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা জোরালো হয়েছে। এর প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামে।
সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। এর ফলে ২০ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর এবারই দুই ধরনের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি হতে যাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহের অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। এর আগে প্রণালীটি বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গিয়েছিল।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারও ব্রেন্টের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে সামরিক পরিস্থিতির আরও অবনতি হলে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কাই বর্তমানে বাজারে দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।
সূত্র: রয়টার্স, আল জাজিরা




