
ছবি :সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রি বোরোবেভ।
গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, মস্কো অঞ্চলের দিকে আসা ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। তবে কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এতে কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। একটি স্থানীয় গুদামেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ছাড়া মস্করের একটি তেল পরিশোধনাগার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে রাজধানীর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়।
আন্দ্রি বোরোবেভ জানান, সোফিয়ানো এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে ড্রোন আঘাত করলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। ওই ভবনে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, ওরেখোভো-জুয়েভো জেলায় ড্রোন হামলায় এক বৃদ্ধ নিহত হন।
মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানান, রাজধানীর বোলভার্দস এলাকার একটি ভবন ও একটি তেল পরিশোধনাগারে ইউক্রেনীয় ড্রোন আঘাত করেছে। তাঁর দাবি, মস্কোর আকাশে প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি এ হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। একটি গুদামে আগুন লাগার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় সামি শহরে রাশিয়ার চালানো হামলায় সাতজন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এসব হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।



