রবিবার, ১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, এগিয়ে ঢাকা বোর্ড



ছবি :সংগৃহীত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। বোর্ডভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনের পরপরই শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। পাশাপাশি পরীক্ষার্থীরাও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এবারের ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮৩ শতাংশ। অন্যান্য বোর্ডের মধ্যে বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফলাফল জানার সুযোগ রয়েছে। এ জন্য HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফলাফল জানা যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে আলাদাভাবে ফলাফল সংগ্রহের সুযোগ নেই। পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত নিয়ম ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!