শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত



 

আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ক্রমেই বাড়ছে। তবে এ প্রযুক্তির মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রকাশ করা সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এআই ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা অর্জনের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে ‘বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার’ শীর্ষক এক বিশেষ সেমিনারে এসব কথা বলা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ ও আলোচনা উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আহাদ। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিয়মিত বার্ষিক সাংস্কৃতিক আয়োজন ‘এ সিজন অব বাংলা ড্রামা’র সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যসহ বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

 

আলোচনায় অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ বলেন, আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের এ সময়ে সাংবাদিকদের এ প্রযুক্তি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পাওয়া তথ্যকে যাচাই ছাড়াই সত্য হিসেবে গ্রহণ করা সাংবাদিকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই এআই থেকে পাওয়া কোনো তথ্য সংবাদে ব্যবহারের আগে মূল সূত্র যাচাই, তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং প্রয়োজনে একাধিক নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সাংবাদিকদের জন্য এআই ব্যবহারের ২০টি ব্যবহারিক ও নিরাপদ অভ্যাস তুলে ধরেন।

সেমিনারে ‘আগে যাচাই, পরে প্রকাশ’—এই প্রতিপাদ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার কাজকে সহজ, দ্রুত ও বহুমাত্রিক করেছে। তবে এ প্রযুক্তির সুফল পেতে হলে এর ব্যবহার হতে হবে জ্ঞানভিত্তিক, দায়িত্বশীল ও সতর্কতাপূর্ণ।

তাঁরা আরও বলেন, যাচাইবিহীন তথ্য কিংবা সামান্য একটি ভুল সংবাদ প্রকাশের কারণে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একজন সাংবাদিক বা সংবাদমাধ্যমের সুনাম ও বিশ্বাসযোগ্যতা মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে পাঠক ও দর্শকদের আস্থাও নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

সেমিনারের শেষপর্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকেরা গণমাধ্যমে এআইয়ের ব্যবহার, এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক দুই সভাপতি মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও মুহাম্মদ জুবায়ের উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ, সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ আবদুল হান্নান, সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক আলাউর রহমান খান শাহীন, মিডিয়া ও আইটি সম্পাদক ফয়সল মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য এনাম চৌধুরী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!