শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোরার বাজারে মুনতাদা এইডের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৮০০ জন



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরার বাজারে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবিক ও দাতব্য সংস্থা মুনতাদা এইডের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় আছিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৮০০ জন রোগীকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। আশিকুর রহমান মেম্বারের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে দেওয়ান বাজার ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেবাগ্রহণকারী ৮০০ জনের মধ্যে ৮০ জন রোগীকে চোখের অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত রোগীদের ভার্ড চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে লেন্স সংযোজনের ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান বলেন, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা পেয়ে এলাকার অনেক মানুষ উপকৃত হয়েছেন। বিশেষ করে অস্ত্রোপচারের জন্য নির্বাচিত ৮০ জন রোগীর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা দরিদ্র মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় মুনতাদা এইডের সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলালসহ মুনতাদা এইডের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!