মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালাগঞ্জে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর পেল সবির আলীর পরিবার



বালাগঞ্জে অসচ্ছল ও গৃহহীন পরিবারের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এবার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের অসচ্ছল সবির আলীর পরিবার পেয়েছে নতুন পাকা ঘর।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবনির্মিত ঘরটির উদ্বোধন করা হয়। মোনাজাত পরিচালনা করেন শিওরখাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, সমাজকর্মী মো. বাবরু মিয়া মেম্বার, নেছাওর আলী মেম্বার, প্রবীণ মুরব্বি হাজী তাজ উল্লাহ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও গৃহ নির্বাচন টিমের প্রধান সাংবাদিক শাহ মো. হেলাল, টিমের সদস্য হাবিবুর রহমান ও আজমল হুসাইন, সাংবাদিক এম এ কাদির, যুবনেতা আব্দুল জলিল মখন প্রমুখ।

উল্লেখ্য, শিওরখাল গ্রামের ছমছু উল্লাহর ছেলে ও দুই কন্যাসন্তানের জনক সবির আলীর জরাজীর্ণ ঘরের স্থলে ২ লাখ ২৫ হাজার ৪০৪ টাকা ব্যয়ে নতুন পাকা ঘরটি নির্মাণ করা হয়েছে। নতুন ঘর পেয়ে সবির আলী ও তাঁর পরিবার ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আজিজ মাসুকের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের বিত্তবানরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবার নিরাপদ আবাসনের সুযোগ পাবে।

ফাউন্ডেশনের ‘নিরাপদ আশ্রয়’ কর্মসূচির আওতায় দেওয়ান বাজার ইউনিয়নের অসচ্ছল, এতিম ও বিধবা পরিবারের জন্য মোট পাঁচটি ঘর নির্মাণ ও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে প্রথম ধাপে ইব্রাহিমপুর গ্রামের শাহীন আলমের ঘর নির্মাণ সম্পন্ন করে হস্তান্তর করা হয়।

এ কর্মসূচির জন্য সাংবাদিক শাহ মো. হেলালের ফেসবুক পোস্টের মাধ্যমে আবেদন আহ্বান করা হলে বিভিন্ন গ্রাম থেকে সাতটি আবেদন জমা পড়ে। পরে সাংবাদিক শাহ মো. হেলাল, সমাজকর্মী হাবিবুর রহমান ও আজমল হুসাইনকে নিয়ে গঠিত তিন সদস্যের তদন্ত টিম সরেজমিন যাচাই-বাছাই শেষে পাঁচটি অসচ্ছল পরিবারের তালিকা ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে সুপারিশ করে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক জানান, প্রথম দুইটি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে তালিকায় থাকা সিরাজপুরের জাহাঙ্গীর আহমেদ, সুলতানপুর পশ্চিম পাড়ার দিলারা বেগম ও চরআলাপুরের রোশনা বেগমের ঘর নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে, ইনশাআল্লাহ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!