সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি ভোটের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন



আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল, সেসব দলের প্রতিনিধিদের নিয়ে এবারও আলোচনা হবে। পাশাপাশি পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে কমিশন।

তিনি বলেন, ইউপি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের তারিখের প্রায় ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে নির্বাচন কমিশনার বলেন, একটি ভালো নির্বাচন আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এই চার পক্ষের সমন্বিত ভূমিকার ওপরই সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।

তিনি আরও জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে এবং এলাকাভিত্তিক বৈঠক করা হবে। নির্বাচন শুরু হলে ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ বাড়বে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করতে হবে। নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা চাওয়া হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!