মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার



বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ জন কর্মী। তাঁদের নিয়ে প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা ছাড়বে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ফ্লাইটে মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে যাচ্ছেন ১১২ জন কর্মী। তাঁদের যাতায়াতসহ সব ধরনের খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম-খুনের শিকার পরিবার এবং জুলাইয়ে অবদান রাখা ব্যক্তিদের মধ্য থেকে।

প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, স্বৈরাচারী সরকারের আমলে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাবের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে কাজ করছে।

এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং হুন্ডি প্রতিরোধেও সরকার কাজ করছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!