রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯০ কোটি ডলারের সম্পদসহ যুক্তরাষ্ট্রে বন্ধ হলো একটি ব্যাংক



যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে আর্থিক সংকটের কারণে ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক বন্ধ করে দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৫৯০ কোটি ডলার। ব্যাংকটির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনকে (এফডিআইসি)।

শুক্রবার (২৭ নভেম্বর) ইভান্সভিলভিত্তিক ফেডারেল সেভিংস ব্যাংকটি বন্ধের ঘোষণা দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি)। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওসিসির বিবৃতিতে বলা হয়, ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের আর্থিক অবস্থা এতটাই দুর্বল ও অনিরাপদ হয়ে পড়েছিল যে, স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। একই সঙ্গে ব্যাংকটির দায় পরিশোধ এবং আমানতকারীদের অর্থের চাহিদা পূরণে সক্ষমতা নিয়েও শঙ্কা দেখা দেয়।

গত ৩০ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৫৯০ কোটি ডলার। ওই সময় আমানতের পরিমাণ ছিল ৪৫০ কোটি ডলার এবং ঋণের পরিমাণ দাঁড়ায় ৩১০ কোটি ডলার।

অধিকাংশ সম্পদ ও আমানত নিচ্ছে ফার্স্ট সিটিজেনস ব্যাংক

ব্যাংকটি বন্ধের কয়েক ঘণ্টার মধ্যেই নর্থ ক্যারোলিনাভিত্তিক ফার্স্ট সিটিজেনস ব্যাংক জানায়, ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের অধিকাংশ সম্পদ ও আমানত অধিগ্রহণের বিষয়ে এফডিআইসির সঙ্গে তাদের চুক্তি হয়েছে।

চুক্তি অনুযায়ী, ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের প্রায় সব ঋণ ও অন্যান্য সম্পদ কিনে নেবে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। তবে ব্রোকারের মাধ্যমে সংগৃহীত কিছু আমানত এবং নির্দিষ্ট কয়েকটি হিসাব এই চুক্তির বাইরে থাকবে। বাকি আমানতের দায়িত্বও গ্রহণ করবে প্রতিষ্ঠানটি।

ফার্স্ট সিটিজেনস ব্যাংক জানিয়েছে, প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়ার মাধ্যমে তারা এই চুক্তি পেয়েছে। চুক্তির আওতায় ব্যাংকটির সম্পদের মূল্যের ওপর প্রায় ২৬০ কোটি ডলার ছাড় পাওয়া যাবে। পাশাপাশি আমানতের বিপরীতে কোনো অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে না। তবে এসব হিসাব প্রাথমিক অনুমানের ভিত্তিতে করা হয়েছে এবং পরবর্তী সময়ে তা সমন্বয় করা হতে পারে।

চুক্তির আওতায় ইন্ডিয়ানা, ইলিনয়, কলোরাডো ও ফ্লোরিডায় অবস্থিত ইউনাইটেড ফিডেলিটি ব্যাংকের ২০টি শাখার দায়িত্ব নেবে ফার্স্ট সিটিজেনস ব্যাংক। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে ‘ব্যাংক অব সেন্ট ক্রয়’ নামে পরিচালিত আরও দুটি শাখাও তাদের অধীনে আসবে।

ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বও চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আবাসন খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পেডকোর হোমস করপোরেশন।

ফার্স্ট সিটিজেনস ব্যাংক জানিয়েছে, শনিবার (২৮ নভেম্বর) থেকে সংশ্লিষ্ট শাখাগুলো তাদের একটি বিভাগ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। এ সময় গ্রাহকেরা আগের মতোই নিজেদের ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময়ে ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন ও প্রযুক্তিগত রূপান্তরের কাজ সম্পন্ন করা হবে।

যুক্তরাষ্ট্রে এর আগেও বন্ধ হয়েছে ব্যাংক

এর আগে, ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিক ফার্স্ট ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংকটি রিপাবলিক ব্যাংক নামেও পরিচিত ছিল। সে সময় পেনসিলভানিয়া ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড সিকিউরিটিজ ব্যাংকটি বন্ধ করে এফডিআইসিকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেয়।

পরবর্তী সময়ে ল্যাঙ্কাস্টারভিত্তিক ফুলটন ব্যাংক রিপাবলিক ফার্স্ট ব্যাংকের প্রায় সব আমানত ও সম্পদের দায়িত্ব গ্রহণ করে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!