
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফরাসি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন, এমনটি জানিয়েছে সিটিভি নিউজ।
ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে জুন মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনেই এই স্বীকৃতি ঘোষণার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ফ্রান্স সম্মেলনটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে।
বিশ্লেষকদের মতে, ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং মধ্যপ্রাচ্য সংকট সমাধানের পথে এক বড় পদক্ষেপ হবে।
জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ইতোমধ্যেই ১৪৬টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে।



