
বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পাচ্ছেন বৃটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫। আগামী ১২ জুন লন্ডনের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্রিটিশ রাজা চার্লস থ্রি তার হাতে এই সম্মাননা তুলে দেবেন।
২০২৪ সালে প্রবর্তিত এ অ্যাওয়ার্ডের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। আয়োজক দ্য কিংস ফাউন্ডেশন জানিয়েছে, হারমনি অ্যাওয়ার্ড তাদের সবচেয়ে বিশেষ সম্মাননা হিসেবে বিবেচিত।
সরকারি সূত্রে জানা গেছে, অ্যাওয়ার্ড গ্রহণের উদ্দেশ্যে ড. ইউনূসের চারদিনের লন্ডন সফর প্রায় চূড়ান্ত। সফরের তৃতীয় দিন রাজা চার্লসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎও নির্ধারিত রয়েছে। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে ড. ইউনূসের একাদশ বিদেশ সফর। এর আগে গত ১০ মাসে তিনি জাতিসংঘ অধিবেশন, জলবায়ু সম্মেলন, ডি-৮, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বোয়াও ফোরাম, বিম্সটেক, নিক্কেই ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে ১০টি দেশ সফর করেছেন। প্রতিটি সফরেই ছিলো উল্লেখযোগ্য কূটনৈতিক ও বৈশ্বিক সংযোগ।
এদিকে, আগামী জুলাইয়ে তার মালয়েশিয়া সফর রাষ্ট্রীয় সফর হিসেবে হতে পারে বলেও আভাস পাওয়া গেছে।



