
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হবে।
সোমবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, ওই দিন সকাল ১০টায় একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। তারা ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীন ৭২৫টি কেন্দ্র এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নিয়েছে।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
ফলাফল শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে জানতে পারবে।



