পরিবার ও সমাজে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে জমজম বাংলাদেশ-এর উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষা উৎসব’ ও “পথনির্দেশনা: পরিবার ও সমাজে আধ্যাত্মিকতা ও আধুনিকতার সমন্বয়” শীর্ষক একটি ইসলামী সেশন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নগরীর রায়নগর দপ্তরিপাড়ায় অবস্থিত জমজম একাডেমির হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জমজম বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এসেক্স মসজিদের ইমাম ও খতিব, লেখক এবং টিভি ওয়ান-এর ডিরেক্টর শাইখ মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক জীবনধারা, প্রযুক্তি ও শিক্ষার অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামি মূল্যবোধ, আধ্যাত্মিকতা ও নৈতিক আদর্শকে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করা জরুরি। ইতিবাচক আধুনিকতার সঙ্গে ইমানি চেতনার সমন্বয় ঘটাতে পারলেই একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, পরিবারে নৈতিক মূল্যবোধের চর্চা, প্রজন্মের মধ্যে সুসম্পর্ক এবং ব্যক্তি ও সামাজিক জীবনে দায়িত্ববোধ সৃষ্টি হলে একটি সচেতন ও মানবিক সমাজ বিনির্মাণ সহজ হয়। শিক্ষা ও সমাজগঠনে ইসলামী আদর্শের গুরুত্বও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জমজম বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান পীর, পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, পরিচালক ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, পরিচালক জসিম উদ্দিন, ড. ওয়ালি তসর উদ্দিন, আফতাব চৌধুরী, শহীদ আহমদ চৌধুরী (পিডিজি), এ কে এম আব্দুস সোবহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে জমজম বাংলাদেশের আওতাভুক্ত বিভিন্ন প্রকল্প তাদের শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন করে। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রকল্পের কৃতি শিক্ষার্থীদের হাতে এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, একই দিনে সকালে জমজম বাংলাদেশ-এর আয়োজনে ‘শিক্ষা উৎসব’ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় শাইখ মাহমুদুল হাসান উক্ত ইসলামী সেশনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।





