
নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে বিরল এক রেকর্ড গড়েছেন পেসার ব্রেট রানডেল। ইতিহাসে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৫ বলে ৫ উইকেট নিয়ে অনন্য কীর্তি স্থাপন করেছেন তিনি।
রোববার নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে খেলতে নেমে এই নজির গড়েন ৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার। প্রায় ২৪০ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো বোলার এমন সাফল্য দেখাতে পারেননি।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত ম্যাচে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার হেনরি কুপারকে আউট করে উইকেট নেওয়ার ধারা শুরু করেন রানডেল। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই বোল্ড করেন নিউজিল্যান্ডের হয়ে ২৪টি টেস্ট খেলা ব্যাটার জিত রাভালকে। পরের বলে জো কার্টারকে ক্যাচে পরিণত করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
এরপরও থামেননি তিনি। তৃতীয় বলে স্লিপে রবি ও’ডোনেলকে ক্যাচ দিতে বাধ্য করে ‘ডাবল হ্যাটট্রিক’-এর স্বাদ পান। আর পরের বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে ইনসাইড এজে বোল্ড করে গড়েন প্রথম শ্রেণির ক্রিকেটে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড।
রানডেলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় নর্দার্ন ডিস্ট্রিক্টস। ওই সময় তার বোলিং ফিগার ছিল ১.৪ ওভারে ২ রান দিয়ে ৫ উইকেট। পরে আরও দুটি উইকেট নিয়ে তিনি ম্যাচে মোট ২৫ রান খরচায় ৭ উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত নর্দার্ন ডিস্ট্রিক্টস অলআউট হয় ৮২ রানে।
এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে রানডেলের সেরা বোলিং ছিল ৪৫ রান দিয়ে ৬ উইকেট।
তবে পেশাদার ক্রিকেটে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২৫ সালে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে এই কীর্তি গড়েছিলেন। এছাড়া ২০২৪ সালে জিম্বাবুয়ের কেলিস এনধলোভুও একটি অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন।




