
ছবি: সংগৃহীত
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুরের বদিরগাঁও এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সোমবার বিকেলে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান, তাদের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে, একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সুমন চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।


