
ছবি: সংগৃহীত
আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রত্যাশিত তৃতীয় টার্মিনাল। নির্ধারিত সময়কে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় ও পরিকল্পনা চূড়ান্ত করে টার্মিনালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে লক্ষ্য ধরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এই নেটওয়ার্কের আওতায় রয়েছে টার্মিনাল ১ ও ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। ফলে গুরুত্বপূর্ণ সব স্থানে যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাচ্ছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবা আরও আধুনিক ও গতিশীল হবে এবং বিমানবন্দরের সার্বিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।




