রবিবার, ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ঈদযাত্রায় গণপরিবহন নিয়ে জরুরি নির্দেশনা, নিয়ম ভাঙলেই বিপদ



ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে গণপরিবহন সংশ্লিষ্ট সবার জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিবহন মালিক-শ্রমিক, চালক, যাত্রী ও পথচারীদের জন্য জারি করা এসব নির্দেশনায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং বাসের ছাদে যাত্রী পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, বাস টার্মিনাল থেকে যানবাহন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যেতে হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন সংশ্লিষ্টদের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো সিটে একাধিক যাত্রী বহন করা যাবে না এবং বাসের ছাদে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন না করার নির্দেশনাও দিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, যানবাহন চালানোর ক্ষেত্রে নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং সেতু ও বাঁক এলাকায় অসতর্কভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া চালকদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যানবাহনে উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। উল্টো পথে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

যাত্রীদের উদ্দেশে ডিএমপি বলেছে, নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার থেকেই বাসে উঠতে হবে এবং চলন্ত যানবাহনে ওঠানামা করা যাবে না। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।

এ ছাড়া পথচারীদের ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপারের আহ্বান জানানো হয়েছে। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রাফিক বিভাগ মাঠে সক্রিয় থাকবে। জরুরি প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!