
ছবি: সংগৃহীত
দেশে বিদ্যুতের পাইকারি, খুচরা (গ্রাহক) ও সঞ্চালন—তিন পর্যায়েই দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন নির্ধারিত হারে পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১ দশমিক ৩৯ টাকা, গ্রাহক পর্যায়ে ১ দশমিক ৫২ টাকা এবং সঞ্চালন চার্জ ৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, উৎপাদন ব্যয়, বিদ্যুৎ ক্রয় ও আমদানি খরচ, সঞ্চালন ও বিতরণ ব্যয়, ভর্তুকির চাপ এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের ইউনিটপ্রতি দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ দশমিক ৩৯ টাকা হয়েছে, যা প্রায় ১৯ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি। একইভাবে গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি দাম ৯ দশমিক ১১ টাকা থেকে বেড়ে ১০ দশমিক ৬৩ টাকায় পৌঁছেছে, যা ১৬ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
অন্যদিকে, সঞ্চালন চার্জ ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বেড়ে ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ২৩ দশমিক ৯৫ শতাংশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন মূল্য কার্যকর হলেও বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির প্রয়োজন পুরোপুরি কমছে না। বরং এ খাতে এখনও প্রায় ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়।



