জাতিসংঘ-এর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক বছরের জন্য তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে অনুষ্ঠিত ভোটে তিনি জয়লাভ করেন। নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পান ৯৯টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের কূটনীতিক আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১টি ভোট।
নির্বাচনটি সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হয় এবং সংস্থাটির কার্যবিধির ৩০ নম্বর ধারা অনুসারে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি পদটি প্রতি বছর পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে আবর্তিত হয়। সেই ধারাবাহিকতায় ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রার্থী হিসেবে খলিলুর রহমান।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় চার দশক পর আবারও এই পদে নির্বাচিত হলো বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর। একই মাসের ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।
এদিকে, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কূটনীতিতে দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা নিয়ে অংশ নেন।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে সদস্য রাষ্ট্রগুলোর সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রতিটি দেশের একটি করে ভোটাধিকার থাকে।
গত বছর ২ জুন ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি বৈশ্বিক নানা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করেছিলেন।



