
নর্থইস্ট বালাগঞ্জ কলেজ ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমীর শিক্ষার্থীদের সহজ যাতায়াত নিশ্চিত করতে ‘স্কুল ও কলেজ বাস’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাসটির উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নর্থইস্ট বালাগঞ্জ কলেজ ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমীর উন্নয়নে আপনাদের যেসব যৌক্তিক দাবি ও সমস্যা রয়েছে, সেগুলো শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সমাধানের সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলার উন্নয়নেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, অচিরেই সিলেট–সুলতানপুর সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে। প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক স্টেডিয়াম নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে সরকারি উদ্যোগে একটি করে খেলার মাঠ গড়ে তোলা হবে। শিক্ষা, যোগাযোগ, ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বালাগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি আশাবাদী, আগামী পাঁচ বছরে বালাগঞ্জে একটি কাঁচা রাস্তাও অবশিষ্ট থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমীর প্রতিষ্ঠাতা, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং শিক্ষার্থীদের জন্য বাসের দাতা আব্দুল মতিন মাখন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির শিক্ষার্থী ছানজানা কবির নাবিলা ও হাফিজা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি উৎপল চক্রবর্তী,
আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি শেখ মো. বদরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. মজলু মিয়া,
একাডেমির প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসি, প্রভাষক বিকাশ সূত্রধর, কলেজ প্রতিনিধি এমদাদুর রহমান জাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক এমপি আনুষ্ঠানিকভাবে স্কুল ও কলেজ বাস-এর ফিতা কেটে উদ্বোধন করেন।





