
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, গহরপুর-খাঁপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় একটানা ৪০ দিন জামাতে তাকবিরে উলার (প্রথম তাকবিরের) সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জনকারী ১৫ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ৭ জনকে জনপ্রতি ৪ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া আরও ১১ জনকে কলম পুরস্কার দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ২ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক।
অনুষ্ঠানে উপস্থিত ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ মো. কুতুবউদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সমাজসেবী আব্দুস ছালাম, আব্দুল জলিল, বুরহান উদ্দিন, মুজিবুর রহমান, বাবরু মিয়া মেম্বার, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল ,গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মসজিদমুখী করার পাশাপাশি নৈতিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




