
ছবি :সংগৃহীত
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষাবর্ষের সঙ্গে সামঞ্জস্য আনতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে; এটি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সরকার নির্ধারিত সময়েই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নিতে হবে।
সরকারের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এর ফলাফল ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। ফলে নির্ধারিত সূচি অনুসরণ করা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষার পর এসএসসির প্রস্তুতির জন্য প্রায় দুই মাস সময় পাবে।
তবে আগের বছরগুলোর তুলনায় এবার প্রস্তুতির সময় কিছুটা কম। সাধারণত নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় আড়াই থেকে তিন মাস সময় পেয়ে থাকে। এরই মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করে অক্টোবরের মাঝামাঝি টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তুলনামূলক বেশি সময় পাবে।
অন্যদিকে, অধিকাংশ প্রতিষ্ঠান সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেসব প্রতিষ্ঠানে অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুতে নির্বাচনী পরীক্ষা হতে পারে। ফলে এসএসসির আগে প্রস্তুতির জন্য দুই মাসেরও কম সময় পাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, টেস্ট পরীক্ষার পর প্রস্তুতির সময় কমে গেলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে, যার প্রভাব পরীক্ষার ফলাফলেও পড়তে পারে।
তবে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মনে করেন, নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে না। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়মতো পাঠ্যসূচি শেষ করে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসই জানান, তাদের প্রতিষ্ঠানে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে টেস্ট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে এসএসসির আগে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে বলে তিনি মনে করেন।
তবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মতে, সব প্রতিষ্ঠানের পক্ষে অক্টোবরের মাঝামাঝি সময়ে সিলেবাস শেষ করা সম্ভব নাও হতে পারে। বিশেষ করে ঢাকার বাইরে অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কম সময় পেলে প্রস্তুতিতে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু করোনা মহামারির পর সেই ধারাবাহিকতা আর বজায় রাখা সম্ভব হয়নি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে উল্লেখযোগ্য সময় হারিয়ে যাচ্ছে। এর ফলে বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীরাও সেশনজটের কারণে সমস্যায় পড়ছে।
তার মতে, শিক্ষাবর্ষের কার্যক্রমকে নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে পরীক্ষার সময়সূচিও ধীরে ধীরে স্বাভাবিক করতে হবে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির শুরুতে নেওয়ার উদ্যোগ সেই প্রক্রিয়ারই অংশ।




