
ছবি :সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূর্বনির্ধারিত ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। এইচএসসি পরীক্ষা ঘিরে সৃষ্ট বিভিন্ন জটিলতার কারণে ফলাফল প্রস্তুতের কাজ সময়মতো সম্পন্ন করা যায়নি। তবে চলতি মাসের শেষ দিকে ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে দ্রুত ফল প্রস্তুতের কাজ শেষ করতে সব শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিভিন্ন অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষা বোর্ডগুলোকে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছিল।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী অংশ নিতে ফরম পূরণ করেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।




