
ছবি :সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ও মহাখালী এলাকায় পৃথক দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধানমন্ডি ২৭ নম্বরে ‘এপেক্স’-এর একটি শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। অন্যদিকে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও এসকে শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে ‘এপেক্স’-এর শোরুমে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ওই স্থানে বেলা ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রাথমিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট সেখানে পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে, বেলা ১১টা ১২ মিনিটে তেজগাঁও এলাকার মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও এসকে শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পৃথক দুই অগ্নিকাণ্ডের কোনোটি থেকেই এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



