বালাগঞ্জে পোকার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন। গত সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে তিনি উপদ্রুত এলাকা পরিদর্শনে আসেন। তিনি বালাগঞ্জের চাতল হাওরের উত্তর পাড়ের বিভিন্ন বোরো বীজতলা পরিদর্শনকালে স্থানীয় কৃষকদের প্রয়োজনীয় দিগনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে হাওরে এ প্রতিবেদক এবং স্থানীয় কৃষকদের সাথে আলাপকালে মো. সালাহ উদ্দিন আশ্বস্ত করে বলেন, পোকার প্রাদুর্ভাব কোন বিপদজনক মাত্রায় পৌঁছায়নি। উদ্বেগের কারণ নেই, আমাদের কৃষি অধিদপ্তর বোরো আবাদ গতিশীল রাখতে কৃষকদের পাশে আছে। তিনি বলেন, পরিকল্পিত পরিচর্যায় আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে। তিনি জানান, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের জন্য স্প্রে মেশিন সরবরাহ করার পাশাপাশি সার ও কীটনাশক প্রয়োগের ব্যাপারে দিগনির্দেশনা দেয়া হচ্ছে। স্থানীয় উপ-সহকারী কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দেয়া হয়েছে। পরিদর্শনকালে বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ আহমদ তার সাথে ছিলেন।
এ সময় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক এমএ কাদির, স্থানীয় কৃষক শামীম আহমদ, দিলদার মিয়া, মিজানুর রহমান মির্জা, লেবর মিয়া, মবশির আলী, লুৎফুর রহমান, ইদন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা তাদের বীজতলার ক্ষয়ক্ষতির বিষয়ে মো. সালাহ উদ্দিনকে অবহিত করেন এবং জরুরী ভিত্তিতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহ থেকে বালাগঞ্জের বিভিন্ন হাওরে পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পোকার আক্রমণে ইতোমধ্যে বালাগঞ্জ ও ওসমানীনগরের বিভিন্ন হাওরের বোরো বীজতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।




