
পবিত্র ঈদুল আজহার ছুটির পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেরার সময় ট্রেনযাত্রীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।
৮ জুন, রোববার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়—ঈদের পর ভিড়ের মধ্যে সংক্রমণ ঝুঁকি এড়াতে যাত্রীদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে এবং মাস্ক পরা বাধ্যতামূলক।
সাম্প্রতিক সময়ে দেশে কোভিড-১৯ সংক্রমণ আবারও বাড়তে থাকায়, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থদের জনবহুল স্থান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রেল মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঈদের আগের ট্রেন যাত্রার মতোই ফিরতি যাত্রায়ও ট্রেনে যাত্রীচাপ অনেক বেশি থাকবে। তাই নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে এবং অন্যদের সুরক্ষায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, ঈদের একদিন বিরতির পর রাজধানীতে মেট্রোরেল চলাচল আবার শুরু হয়েছে। ৮ জুন সকাল ৮টা ৩০ মিনিট থেকে যাত্রীদের জন্য মেট্রোরেল পরিষেবা চালু করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে—মেট্রোরেলে কোনো ধরনের কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস বহন করা নিষিদ্ধ। এ সংক্রান্ত তল্লাশি প্রতিটি স্টেশনে করা হবে এবং এসব বহন করলে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ডিএমটিসিএল আরও জানায়, আগামীকাল সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।




