
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাবের কারণে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালত আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম গত ১৭ মে এ রিট আবেদন দায়ের করেন। রিটে হামের টিকা কেনায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনও করা হয়।
রিট আবেদনে বলা হয়, হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর বিষয়ে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ। তবে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে স্থানান্তরের অভিযোগও তুলে ধরা হয়।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।


