আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। বাকি ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে দেওয়া হবে এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন-ভাতার পূর্ণ সুবিধা কার্যকর হবে।
আগামী ১১ জুন জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হতে পারে।
নবম জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
পেনশনভোগীদের পেনশন ও চিকিৎসা ভাতা বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে। তবে সরকারের রাজস্ব আয় ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



