বুধবার, ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটসহ ৬১টি জেলা পরিষদগুলোর উন্নয়নে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ



ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ২ জুন জারি করা এক আদেশে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপ-খাত থেকে দেশের জেলা পরিষদগুলোর অনুকূলে এ অর্থ ছাড় করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জেলা পর্যায়ের প্রয়োজন ও উন্নয়ন চাহিদা বিবেচনায় পৃথকভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ জেলা পরিষদ পেয়েছে ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে। তবে কিছু জেলা পরিষদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

এ বরাদ্দপ্রাপ্ত জেলার মধ্যে রয়েছে সিলেট, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, ভোলা, পিরোজপুর, বরগুনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও জয়পুরহাটসহ দেশের মোট ৬১টি জেলা পরিষদ।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বরাদ্দকৃত অর্থ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এর ফলে জেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া জেলা পরিষদগুলোর নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সরকারি আদেশে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন (পিপিএ-২০০৬), সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর-২০২৫), জেলা পরিষদ এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২ এবং অন্যান্য প্রযোজ্য আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!